দৈনিক তরুন আলো

আবু আলম (রাকিব)

আবু আলম (রাকিব)


নামজারিতে ঘুষ দাবির অভিযোগ, ডামুড্যায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেল দুদক

নামজারিতে ঘুষ দাবির অভিযোগ, ডামুড্যায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেল দুদকশরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণমাধ্যমকর্মীদের ক্যামেরার সামনে ঘুষের টাকা ফেরত দেওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদক শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে রেখে ঘুষ দাবির অভিযোগে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে 'নামজারিতে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিলেন তহসিলদার' শিরোনামে ঘটনাটি উঠে আসে। পরবর্তীতে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিন অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগকারী ভুক্তভোগী ও অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তারা। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়।দুদক শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, “নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে আজ আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলেছি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।”অন্যদিকে, অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহ তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।এ ঘটনায় স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে ভূমি অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। দুদকের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নামজারিতে ঘুষ দাবির অভিযোগ, ডামুড্যায় অভিযান চালিয়ে প্রাথমিক সত্যতা পেল দুদক