যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সোনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৩৬৯টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।